সীন্দবাদ ডেস্কঃ বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এম ভি এভার চ্যাম্পিয়ন বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে ।
রোববার (১৯ মার্চ) স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের মাধ্যমে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।
হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক শওকত আলী জানান, দুপুরে ১ হাজার ৪১১ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি মোংলায় ভিড়েছে। এখন পণ্য খালাস চলছে। দুই দিনের মধ্যে জাহাজের পণ্য খালাস শেষ হবে। পরে নৌপথে সেগুলো রেলওয়ে সেতু নির্মাণ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।
গত ৭ মার্চ ভিয়েতনামের হাই ফং বন্দর থেকে মোংলার উদ্দেশে ছাড়ে এম ভি এভার চ্যাম্পিয়ন।







