সিন্দবাদ ডেস্ক : বাংলাদেশ ব্যাংক আবারো নীতি সুদহার বা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিলের সঙ্গে প্রযোজ্য বিদ্যমান মার্জিন আরো ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) থেকে এই সুদহার কার্যকর হবে।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংক থেকে জারিকৃত এক সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রেপো রেট হবে ৭ দশমিক ৭৫ শতাংশ। এর আগে ৪ অক্টোবর এক ধাক্কায় রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল। মাত্র দুই মাসের মধ্যেই রেপো রেট ১ দশমিক ২৫ শতাংশ বাড়ল। রেপো রেট বাড়ানোর পাশাপাশি ব্যাংক ঋণের সুদহার বাড়ানোরও ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাজারে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের লক্ষ্যে রেপো রেট বাড়ানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়।

নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার ৯ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নীতি সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার ৫ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়।

নীতি সুদহারে বাংলাদেশ ব্যাংক থেকে দেশের তফসিলি ব্যাংকগুলো টাকা ধার নেয়। সুদহার বাড়ানোয় এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে আরো বেশি সুদে অর্থ ধার করতে হবে। এর প্রভাব দেশের সরকারি-বেসরকারি সব খাতের ওপর পড়বে। দেশের ব্যাংকগুলো ঋণের পাশাপাশি আমানতের সুদহারও বাড়াবে।