সীন্দবাদ ডেস্ক : নভেম্বর মাসে বাংলাদেশি প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৩ কোটি ডলার। সেই বিবেবচনায় রেমিট্যান্স কমেছে ৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ১৮১ কোটি ৭৫ লাখ টাকা (প্রতি ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা হিসেবে)।

রোববার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

ডলার খরচ কমাতে বিভিন্ন উদ্যোগের মধ্যেও রিজার্ভ কমছে। আবার কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্ততায় নির্ধারিত দরের চেয়ে অনেক বেশিতে ডলার বেচাকেনা হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে শিথিলতার কারণে রেমিট্যান্স দ্রুত বাড়ছিল।

রিজার্ভের ধারাবাহিক পতন ঠেকাতে বিদেশি ঋণ বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত মাসের প্রথম ১০ দিনে ব্যাংকিং চ্যানেলে মোট ৭৯ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। আর কড়াকড়ি শুরুর পর শেষের ২০ দিনে এসেছে ১১৪ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের বিভিন্ন উদ্যোগে আমদানি ব্যাপক কমলেও আশানুরূপ রেমিট্যান্স না আসা এবং বেসরকারি খাতে বিদেশি ঋণ দ্রুত কমায় আর্থিক হিসাবে বড় ঘাটতি তৈরি হয়েছে। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক প্রচুর ডলার বিক্রি করছে ব্যাংকগুলোর কাছে। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলারে নেমেছে। ২০২১ সালের আগস্টে রিজার্ভ ছিল রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের ওপরে।