সীন্দবাদ ডেস্ক : ২০০৮-০৯ অর্থবছর থেকে এ পর্যন্ত (১৫ বছরে) বড় ২৪টি বড় স্ক্যামের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে ৯২ হাজার ২৬১ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ঋণ অবলোপন, পুনঃনির্ধারণ এবং আদালতের স্থগিতাদেশ বিবেচনায় নিলে মোট ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
শনিবার (২৩ ডিসেম্বর) সিপিডির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়েজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সিপিডির ‘ইন্ডিপেনডেন্ট রিভিউ অভ বাংলাদেশ ডেভেলপমেন্ট’ (আইআরবিডি) প্রোগ্রামের অংশ হিসেবে প্রস্তুত করা ‘স্টেট অভ দ্য বাংলাদেশ ইকোনমি ইন এফওয়াই২০২৩-২৪ (ফার্স্ট রিডিং)’ শীর্ষক মূল্যায়ন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ফাহমিদা খাতুন বলেন, জাল কাগজপত্রের মাধ্যমে ঋণ, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে ঋণসহ নানা ধরনের এসব আর্থিক অনিয়ম হয়েছে। বিভিন্ন সময়ে ব্যাংকে কেলেঙ্কারি বা অনিয়ম হয়, সেগুলো অফিসিয়াল সূত্রে পাওয়া যায় না। সেগুলো সংবাদ মাধ্যমে আসে। গণমাধ্যমকর্মীরা সেগুলো হয়তো অফিসিয়াল সূত্রেই আনেন। এগুলোকে কম্পাইল করে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত গণমাধ্যমে ২৪টি ঘটনা প্রকাশ পেয়েছে। এসব ঘটনায় ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট হয়েছে। বিশাল এই অর্থ দিয়ে কী হতে পারে সেটা আপনারা হিসাব করতে পারেন। আপনারা হিসাব করতে পারেন আমাদের রাজস্ব ঘাটতি কত। সামাজিক নিরাপত্তা খাতে কত ব্যয় হচ্ছে, শিক্ষা-স্বাস্থ্য খাতে কত ব্যয় করছি। এই পরিমাণ টাকা দিয়ে আমরা কী করতে পারতাম।
তিনি আরও বলেন, ব্যাংক থেকে লুটে নেওয়া এই টাকার পরিমাণ সরকারের রাজস্ব ঘাটতি, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের বড় একটা অংশের সমান। সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত পদক্ষেপ দুর্বল ছিল। তা ছাড়া সুবিধাভোগীরাই নীতি প্রণয়নে ভূমিকা রেখেছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক সুদের হার বাড়ানো হলেও উদ্যোগটা অনেক বিলম্বে নেওয়া হয়েছে, যার প্রভাবে পণ্যের দাম কমা শুরু হয়নি।
অনিয়মের কারণে ২০১২ সাল থেকে এ পর্যন্ত খেলাপি ঋণ সাড়ে তিনগুণ বেড়েছে। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় সরকারি ও বেসরকারি সব ধরনের ব্যাংকেই তারল্য সংকট বাড়ছে। এর ফলে প্রভিশন ঘাটতিও বাড়ছে। সরকারি বিশেষ করে বিশেষায়িত ব্যাংকগুলোর অবস্থা করুণ।







