সীন্দবাদ ডেস্ক: বিদায়ী বছরের ডিসেম্বর মাসে পণ্য রফতানিতে ৯ দশমিক ৩৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান মতে গেল মাসে বাংলাদেশ থেকে ৫৩৬ কোটি ৫১ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। ২০২১ সালের একই সময়ে ৪৯০ কোটি ৭৬ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছিল।
২ জানুয়ারি (সোমবার) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করে।
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথমার্ধে(জুলাই-ডিসেম্বর) ২ হাজার ২৯৯ কোটি ৬৬ লাখ ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫৬ শতাংশ বেশি। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে নিট পোশাকে ১৩ এবং ওভেন পোশাকে ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে চামড়া ও চামড়াজাত পণ্য ৬৩ কোটি, হোম টেক্সটাইলে ৬০, কৃষি প্রক্রিয়াজাত পণ্যে ৫০ কোটি এবং ৪৮ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছে। এর মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বাকি তিনটি খাতের রফতানি কমে গিয়েছে।