সিন্দবাদ ডেস্ক : চীন ভ্রমণের জন্য লাগবে না ভিসা। এটি বিশ্বের ছয়টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। দেশগুলো হলো- ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার। কোভিড মহামারির পর পর্যটন খাতে গতি আনতে এ সিদ্ধান্ত নিয়েছে চীন।
শুক্রবার (২৫ নভেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সূত্রে জানা যায়, আগামী ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত উল্লিখিত দেশগুলোর নাগরিকদের চীনে বাণিজ্য, পর্যটন, স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ এবং সর্বোচ্চ ১৫ দিনের ট্রানজিটের জন্য কোনো ভিসার প্রয়োজন হবে না।
কোভিড মহামারিতে তিন বছরব্যাপী কঠোর বিধিনিষেধের পর পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার জন্য চীন সাম্প্রতিক কয়েক মাসে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করাসহ নানা পদক্ষেপ নিয়েছে। মহামারির সময় বহির্বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল চীন।
অনেকের মতে, বিশ্ব মঞ্চে ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে চীন সরকার। মহামারি, মানবাধিকার, তাইওয়ানের সঙ্গে দ্বন্দ্ব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য-বিরোধের মতো নানা বিষয় নিয়ে পশ্চিমের সঙ্গে চীনের সম্পর্ক ভালো যাচ্ছে না। এরই মধ্যে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিও বেশ চাপে পড়েছে।
সম্প্রতি চীন সম্পর্কে বহির্বিশ্বের ধারণা নিয়ে ২৪টি দেশে জরিপ চালায় পিউ রিসার্চ সেন্টার। জরিপে ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্কই চীন সম্পর্কে নেতিবাচক ধারণার কথা বলেছেন।
জরিপে অংশগ্রহণকারী অর্ধেকের বেশি উত্তরদাতাই বলেছেন, চীন অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করে এবং অন্যদের সুবিধার কথা ভাবে না।
চীন সরকার ছয় দেশের নাগরিকদের ভিসাবিহীন ভ্রমণের সুযোগ দেওয়ার প্রসঙ্গে বেইজিংয়ে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত প্যাট্রিশিয়া ফ্লোর এক্স (টুইটার) প্ল্যাটফর্মে বলেছেন, এ সিদ্ধান্তের ফলে অনেক জার্মান নাগরিক চীনে ভ্রমণ করবে। আমরা আশা করছি, চীন সরকার আজকের ঘোষিত পদক্ষেপগুলো ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য দেশের জন্য করবে।
তিনি বলেন, ইউরোপীয় শেনজেন চুক্তির আওতায় থাকা সব সদস্য অনুমতি দিলে চীনা নাগরিকদেরও বিনা ভিসায় জার্মানি ভ্রমণের সুযোগ দেওয়া সম্ভব হবে।
সাময়িক ভিসা অব্যাহতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জার্মান চেম্বার অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের (ডিআইএইচকে) বৈদেশিক বাণিজ্যের প্রধান ভোল্কার ত্রেইয়ার। তিনি বলেন, এ পদক্ষেপটি পর্যটন ও অর্থনৈতিক লেনদেন—দুটিই বৃদ্ধি করবে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা এক্স (টুইটার) প্ল্যাটফর্মে বলেছেন, আমার সফরকালেই চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ে এমন একটি চমৎকার ঘোষণা দিলেন।
চলতি মাসে বিনা ভিসায় ট্রানজিট নীতিতে নরওয়ের নাগরিকদের যুক্ত করার জন্য ৫৪টি দেশে এ নীতি সম্প্রসারিত করে চীন।







