সীন্দবাদ ডেস্ক :: কয়লা উত্তোলন বাড়িয়েছে চীন। গত মাসে দেশটির মোট উত্তোলন দাঁড়িয়েছে ৪১ কোটি ৪০ লাখ টনে। শীতকালীন আবহাওয়ায় জ্বালানিটির বাড়তি চাহিদা এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। সম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে।
পরিসংখ্যান ব্যুরোর মতে, বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ চীনে চলতি বছরের নভেম্বরে গত বছরের একই মাসের চেয়ে জ্বালানিটির উত্তোলন বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। চলতি বছরের প্রথম ১১ মাসে চীনের মোট কয়লা উত্তোলন দাঁড়িয়েছে ৪২৪ কোটি টনে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেশি।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত নভেম্বরে চীন দৈনিক রেকর্ড ১ কোটি ৩৮ লাখ টন কয়লা উত্তোলন করেছে। এর আগে দৈনিক সর্বোচ্চ উত্তোলনের রেকর্ড ছিল গত মার্চের। সে সময় দেশটি দৈনিক ১ কোটি ৩৫ লাখ টন কয়লা উত্তোলন করেছিল।
উত্তর ও দক্ষিণ চীনের কিছু অংশে নভেম্বরের শুরু থেকেই শীতল আবহাওয়া বইতে শুরু করায় কয়লার চাহিদা বেড়েছে। এর প্রভাবে চীনে স্পট মার্কেটে জ্বালানিটির বাজারও ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে। ফলে কয়লার উত্তোলন বাড়িয়েছে চীন।
পাশাপাশি চীন এখনো বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে কয়লার ওপর নির্ভরশীল। গত মাসে দেশটি ২০২২ সালের নভেম্বরের তুলনায় বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে ৮ দশমিক ৪ শতাংশ। এতেও কয়লার ব্যবহার বেড়েছে।
অন্যদিকে শীত মৌসুমের বাড়তি চাহিদার কারণে স্পট মার্কেটে কয়লার দাম বেড়ে যাওয়ায় রেকর্ড আমদানিও করেছে চীন।
কাস্টমস তথ্য জানা যায়, নভেম্বরের কয়লা আমদানি আগের মাসের তুলনায় ২০ দশমিক ৯ শতাংশ বেড়েছে। শীতের আগে পণ্যটির মজুদ বাড়াতে ব্যাপক আমদানি বাড়িয়েছেন চীনা ক্রেতারা। আমদানি বৃদ্ধিতে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম কমার ঘটনা ও অভ্যন্তরীণ কয়লার উচ্চমূল্য প্রভাবক হিসেবে কাজ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শীর্ষ উৎপাদনকারীর পাশাপাশি চীন বিশ্বের শীর্ষ কয়লা আমদানিকারক। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের পরিসংখ্যান বলছে, গত মাসে দেশটি ৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার টন কয়লা আমদানি করেছে। ২০২২ সালের নভেম্বরের তুলনায় যা ৩৪ দশমিক ৭ শতাংশ বেশি।
চায়না কোল ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের বিশ্লেষকরা জানিয়েছেন, স্থানীয় কয়লার চেয়ে আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় আমদানিকারকরা আকৃষ্ট হয়েছেন। সাশ্রয়ী মূল্য সুবিধা থাকায় তারা ব্যাপক হারে আমদানি করেছেন। এমনকি শীত মৌসুমে বিদ্যুৎ উৎপাদন খাতে কয়লার চাহিদা কিছুটা কমা সত্ত্বেও আমদানি বেড়েছে।
তবে অন্যান্য পরিষেবা খাতে জ্বালানি পণ্যটির চাহিদা রয়েছে। কাস্টমসের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত চীন মোট ৪২ কোটি ৭১ লাখ ৪০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৬২ দশমিক ৯ শতাংশ বেশি।







