সীন্দবাদ ডেস্ক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে বিজিএমইএ সভাপতি বাংলাদেশী হাইকমিশনারের সহায়তা আহ্বান করেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশের জন্য একটি সম্ভাবনার জায়গা হচ্ছে ভারত। দুই দেশই দ্বিপক্ষীয় বাণিজ্য সুবিধা পেতে আমাদের পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অশুল্ক বাধা অপসারণে বাংলাদেশ হাইকমিশনের সহায়তা কামনা করেন বিজিএমইএ সভাপতি যাতে করে দুই দেশের মধ্যে বাণিজ্যের পথ আরো প্রশস্ত হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিজিএমইর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটির চেয়ারম্যান শোভন ইসলাম এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ারের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন।
উল্লেখ্য, বিজিএমইএ এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি কর্তৃক যৌথভাবে ভারতে ৯-১২ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত সোর্সিং মিট এবং রোডশোয় অংশ নিতে প্রতিনিধি দলটি ভারত সফর করে। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।







