সীন্দবাদ ডেস্কঃ ধনীদের কাছ থেকে ট্যাক্স নিয়ে সেই ট্যাক্সের সুবিধা দেশের দরিদ্র শ্রেণির মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

জার্মানিতে সম্প্রতি অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনের মাঝে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন তিনি।

ক্রিস্টালিনা বলেন, ‘পাকিস্তানের মানুষের প্রতি আমার সমবেদনা। তারা সম্প্রতি বন্যায় বিধ্বস্ত হয়েছে। এটি দেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশের ওপর প্রভাব বিস্তার করেছে।’

তিনি বলেন, ‘‌আমরা যা চাইছি সেটা হলো পাকিস্তানকে একটি শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে কাজ করতে সক্ষম হতে হবে। দেশটি যাতে ঋণ পুনর্গঠনের জন্য বিপজ্জনক অবস্থান থেকে বের হতে পারে।’

আইএমএফ প্রধান বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, আমরা দুটি বিষয়ের ওপর জোর দিচ্ছি। প্রথমত, কর আয়ের পরিমাণ। যারা সরকারি বা বেসরকারি খাতে ভালো উপার্জন করছেন, তাদের অর্থনীতিতে অবদান রাখতে হবে। ধনীরা ভর্তুকি থেকে উপকৃত হওয়া উচিত নয়। ভর্তুকি পাওয়া উচিত দরিদ্রদের।’ ক্রিস্টালিনা বলেন, ‘আইএমএফ খুব স্পষ্টভাবে জানিয়েছে, সংস্থাটি চায় পাকিস্তানের দরিদ্র মানুষকে সুরক্ষা দেয়া হোক।’

আইএমএফ ও পাকিস্তানের মধ্যে চলতি মাসের শুরুর দিকে একটি চুক্তি আলোচনা হয়। তবে সিদ্ধান্তে পৌঁছতে না পারায় চুক্তি অসম্পূর্ণ রেখে আইএমএফের প্রতিনিধি দল ১০ দিনের মাথায় ইসলামাবাদ ত্যাগ করে। এর পর পরই আইএমএফের প্রধান এ বিবৃতি দিয়েছেন।

তীব্র অর্থনৈতিক সংকটের কারণে পাকিস্তানের এখন বড় ধরনের আর্থিক সহযোগিতা দরকার। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩০০ কোটি ডলারে নেমে এসেছে। এ পরিমাণ অর্থ দেশটির চাহিদার তিন সপ্তাহের ন্যূনতম আমদানি ব্যয় বহন করার জন্য যথেষ্ট নয়। এজন্য আইএমএফের কাছে ২০১৯ সাল থেকে অর্থ সহযোগিতা চেয়ে আসছে দেশটি। আইএমএফের কর্মসূচি পুনরায় শুরু হলে পাকিস্তানের জন্য অর্থায়নের অন্যান্য পথও উন্মুক্ত হবে।