সীন্দবাদ ডেস্কঃ আমাদের প্রতিদিনের খাবারে ব্যবহৃত এক অন্যতম উপাদান হল পেঁয়াজ। আর সেই পেঁয়াজেরই সংকট দেখা দিয়েছে বিশ্বের একাধিক দেশে। ফলে বাজারে অন্যান্য সবজিরও বাড়ছে দাম। এর জেরে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সর্তক করেছে জাতিসংঘ ও বিশ্বব্যাংক।
নতুন খাদ্যসংকটের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। আন্তর্জাতিক বাজারে পেঁয়াজ, টমেটোর মতো বহুল ব্যবহৃত সবজির দাম প্রায় নাগালের বাইরে। জাতিসংঘের পক্ষ থেকে এরই মধ্যে হুঁশিয়ারি দেয়া হয়েছে, সামনে দেখা দিতে পারে সবজি সংকট, আকাশ ছুঁতে পারে দামও। এমনটাই উঠে এসেছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে।
সম্প্রতি গম ও অন্যান্য শস্যর দাম কিছুটা কমলে শঙ্কা তৈরি হয়েছে সবজির বাজার ঘিরে। এরই মধ্যে সবজি রফতানি করা বন্ধ করেছে বেশ কয়েকটি দেশ। তুরস্ক, মরক্কো, কাজাখস্তানের মতো দেশগুলো কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিল, তারা আপাতত সবজি রফতানি স্থগিত রাখতে চলেছে। নিজেদের দেশের জন্য পর্যাপ্ত সবজি মজুদ রাখতেই এ সিদ্ধান্ত। স্পেন রফতানি ২২ শতাংশ কমিয়েছে। তার জেরে নানা দেশেই সবজির অভাব চোখে পড়ছে। এমনকি ব্রিটেনের বেশকিছু দোকানে সবজি কেনার নির্দিষ্ট পরিমাণ বেঁধে দেয়া হয়েছে।
মানুষকে নির্দিষ্ট পরিমাণে সবজি কিনতে বলা হচ্ছে। যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম চেইন শপ আসডা সবজি কেনার সীমা নির্ধারণ করেছে। যেমন টমেটো, শসা ইত্যাদি মাত্র দুটি কেনা যায়। পাশাপাশি মরিচ, লেটুস, সালাদ ব্যাগ ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রেও কোটা নির্ধারণ করা হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় সবজির সংকট সামনে এসেছে। যুক্তরাজ্যে যে সবজির সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে তা হলো টমেটো, শসা, মরিচ, ব্রকলি, ফুলকপি। দেশটির জাতীয় কৃষক ইউনিয়নের মতে, টমেটো ও শসার মতো সালাদ সবজির সরবরাহ ১৯৮৫ সাল থেকে রেকর্ড সর্বনিম্নে।
কেন আচমকা সবজির অভাব ঘটছে আন্তর্জাতিক বাজারে? নেপথ্যে একাধিক কারণ উঠে আসছে। গত মৌসুমে স্পেন ও আফ্রিকার একাধিক অংশে সবজি চাষ হয়নি। প্রবল খরার কারণে কৃষিকাজ ব্যাহত হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের বন্যা, মধ্য এশিয়ার প্রবল ঠাণ্ডার জেরেও ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি চাষ, পেঁয়াজ উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে খাদ্যসামগ্রীর দাম আকাশ ছুঁয়েছে।
এহেন পরিস্থিতিতে সবজি সংকট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সিন্ডি হলেম্যান বলেছেন, শুধু ক্যালরি গ্রহণ করলেই সঠিক পুষ্টি পাওয়া যায় না। সবজির অভাবে ভিটামিনের ঘাটতি দেখা দেবে মানুষের শরীরে। পুষ্টির অভাবে অসুস্থ হয়ে পড়বে বহু মানুষ।
৩০ বছর ধরে সবজির ব্যবসা করছেন ব্রাহিম। তিনি বলছিলেন, ‘আগে দেখেছি শুধু অবিবাহিত ও খুব দরিদ্ররাই একটি করে সবজি কিনছেন। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। ১০-১৫ বছর ধরে আমার দোকানে আসা ক্রেতারা বিমর্ষ গলায় একটি টমেটো, একটি পেঁয়াজ ও একটি করে আলু কিনছেন।’







