সীন্দবাদ ডেস্কঃ ইলোন মাস্ক টুইটার কিনে নেয়ার পর থেকে কর্মী ছাঁটাই করেই চলেছে। ২০২২ সালের অক্টোবরের শেষে মালিকানা হাতে নেয়ার পর ৭ দফায় ছাঁটাই করেছে টুইটার। ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান এ নির্বাহী এবার প্রায় ২০০ কর্মচারীকে ছাঁটাই করেছে বলে জানা যায়। খবর হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষের দিকে মাস্ক টুইটারের মালিকানা হাতে নেয়ার পর সর্বশেষ অষ্টম দফায় কয়েক ডজন কর্মচারীকে ছাঁটাই কারার খবরটি সামনে এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান প্রযুক্তি শিল্প-কেন্দ্রিক ব্যবসা প্রকাশনা দ্য ইনফরমেশন। এতে বলা হয়েছে, টুইটার থেকে শনিবার এ ছাঁটাইয়ের ঘটনা ঘটে।
মার্কিন প্রযুক্তি-কেন্দ্রিক প্রকাশনার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার টুইটারের প্রায় ২০০ কর্মী ছাঁটাই করা হয়েছে। যার মধ্যে বিজ্ঞাপন প্রযুক্তি, প্রধান টুইটার অ্যাপ, সেইসঙ্গে টুইটারের সিস্টেমগুলোকে চালু রাখার জন্য প্রযুক্তিগত অবকাঠামোসহ অন্য বিভাগও রয়েছে। টুইটার অবশ্য তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরের শেষের দিকে রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নেন মাস্ক। এরপর টুইটারকে নতুন ভাবে সাজাতে ও খরচ কমানোর জন্য টুইটারের সাড়ে ৭ হাজার কর্মী মধ্যে ৫০ শতাংশকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেসময় তিনি ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করেছিলেন এবং পরবর্তীতে আরেক দফায় ৮০০ জন কর্মী ছাঁটাই করেছিলেন। তারই ধারাবাহিকতায় এবার গত শনিবার নতুন করে আর ২০০ জন কর্মীকে ছাঁটাই করে টুইটার।







