সীন্দবাদ ডেস্ক : ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি সময়ে উত্তর গাজার ধ্বংসস্তূপে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বেড়িয়ে আসে ৫ কোটি ডলার। যে এলাকা থেকে মুদ্রা উদ্ধার করা হয়েছে, সেখানে এখন মাত্র একটি ভবন অক্ষত অবস্থায় আছে।

মঙ্গলবার এই অভিযানে ব্যাংক অব প্যালেস্টাইনের জরাজীর্ণ দুটি শাখা থেকে ১৮০ মিলিয়ন ইসরায়েলি শেকেল (৫ কোটি ডলার) উদ্ধার করা হয়।

দক্ষিণ গাজা নগদ অর্থের ঘাটতি এখন চরমে থাকায় এসব অর্থ সেখানে নেওয়া হয়। প্রায় ২৩ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে এই অঞ্চলে তারা নির্ভরশীল হয়ে পড়েছে ত্রাণ ও মানবিক সহায়তার ওপর।

যুক্তরাজ্যভিত্তিক এক সংবাদমাধ্যম হতে, এ খবর জানা যায়।

এই অবস্থায় ব্যাংক অব প্যালেস্টাইনের কর্মকর্তারা যুদ্ধবিরতিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। তাঁরা অর্থনীতির পতন ঠেকাতে উত্তর গাজায় পড়ে থাকা শেকেল উদ্ধার করেন। এই উদ্ধার অভিযানের জন্য ব্যাপক পরিকল্পনার প্রয়োজন ছিল। ‘কনঅপস-গাজা’ নামের এই অভিযান পরিচালিত হয় জাতিসংঘের সমর্থন, রক্ষীবাহিনী ও ইসরায়েলের ছাড়পত্র নিয়ে।

ব্যাংক অব প্যালেস্টাইনের একজন কর্মকর্তা বলেছেন, আমরা এটিএম এবং তুলনামূলকভাবে নিরাপদ এলাকায় অবস্থিত শাখাগুলোতে অর্থ স্থানান্তর করেছি। গাজার দক্ষিণ এবং মাঝখানে শুধু ছয়টি বিওপি ক্যাশ ডিসপেনসার কাজ করছে।

অভিযানে জড়িত এক ব্যক্তি বলেন, মোটামুটি ৯ লাখ ব্যাংক নোটের ওজন ছিল প্রায় এক টন, যা একটি ছোট শিপিং কনটেইনার পূরণ করার জন্য যথেষ্ট। এটি অবশ্যই একটি অস্বাভাবিক অভিযান ছিল। পরাবাস্তব কিন্তু প্রয়োজনীয়।
মিশন সম্পূর্ণ হয়েছে এবং নোটগুলো এখন মুদ্রাসংকট কাটাতে দক্ষিণ গাজায় পৌঁছেছে। তবে সেখানেও স্বস্তি নেই, দক্ষিণ গাজাতেও ইসরায়েল তীব্র বোমা হামলা চালাচ্ছে। ফলে অর্থের নগদ প্রবাহ বজায় রাখা জটিল হয়ে পড়েছে ব্যাংক অব প্যালেস্টাইনের পক্ষে।

দুই মাস ধরে গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল। ফলে ব্যাংকের কর্মীরা প্রাইভেট কারে বন্ধ শাখার ভল্ট থেকে নগদ সরিয়ে এটিএমে রেখেছেন মুদ্রাপ্রবাহ সচল রাখতে, যদিও সেখানেও ঘন ঘন বিভ্রাট দেখা দিচ্ছে।

খবরে : ফাইন্যান্সিয়াল টাইমস