সীন্দবাদ ডেস্ক : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) পক্ষ থেকে সমুদ্রের বুকে যাত্রা শুরু করেছে দেশের সর্বপ্রথম চারটি ব্র্যান্ডনিউ আল্ট্রাম্যাক্স ড্রাই বাল্ক ক্যারিয়ার।

রোববার (২৬ ফেব্রুয়ারি) এ বাল্ক ক্যারিয়ারগুলো উদ্বোধন করা হয়।

মেঘনা গ্রুপের নতুন চারটি আল্ট্রাম্যাক্স ড্রাই বাল্ক ক্যারিয়ার হলো এম ভি মেঘনা ভিক্টোরি, এম ভি মেঘনা প্রেস্টিজ, এম ভি মেঘনা হোপ ও এম ভি মেঘনা প্রগ্রেস।

প্রতিষ্ঠানটি জানায়, ৪টি জাহাজের জন্য এইচএসবিসি বাংলাদেশ সাইনোশিওর গ্যারান্টির বিপরীতে ৭১ মিলিয়ন ডলার অর্থায়নের ব্যবস্থা করছে। জিয়াংসু ইয়াংজি-মিতসুই শিপবিল্ডিং কোং লিমিডেট নামের জাপান ও চীনের একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, এমজিআই এর এই ৪টি ব্র্যান্ড নিউ আল্ট্রাম্যাক্স ড্রাই বাল্ক ক্যারিয়ার তৈরি করেছে।

এদিকে বাল্ক ক্যারিয়ারগুলো দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে উল্লেখ করে এমজিআই আরও জানায়, সমুদ্রগামী প্রত্যেকটি জাহাজের ধারণক্ষমতা ৬৬ হাজার ডিডব্লিউটি। দেশের জাতীয় পতাকা বহনকারী এই আল্ট্রাম্যাক্স ড্রাই বাল্ক ক্যারিয়ারগুলো বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর থেকে পণ্য আনা-নেয়া করবে।

বর্তমানে বাংলাদেশের প্রতি ২টি পরিবারের ১টি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর বিভিন্ন পণ্য ব্যবহার করছে জানিয়ে প্রতিষ্ঠানটি বলে, দেশের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ ভোগ্যপণ্য থেকে শুরু করে নির্মাণ সামগ্রী, অর্থনৈতিক অঞ্চল, শিপিং, এভিয়েশন, কেমিক্যালস, বিদ্যুৎ ও জ্বালানি, কাগজ ও টিস্যুসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে।

এ ছাড়া ৫২টি শিল্প কারখানায় প্রত্যক্ষভাবে প্রায় ৫০ হাজারেরও বেশি কর্মী নিয়ে এমজিআই দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে বলেও জানায় মেঘনা গ্রুপ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক, এইচএসবিসি বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. মাহবুব উর রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও এমজিআই এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব মোস্তফা কামাল।