সিন্দবাদ ডেস্ক : বাংলাদেশি পাতাকাবাহী জাহাজ ‘মেঘনা অ্যাডভেঞ্চার‘ থেকে চার নাবিক নিখোঁজ হয়েছেন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী এলাকায়। নাবিকদের খোঁজে মিসিসিপি নদীর পশ্চিম তীরে লুইসিয়ানার বেলে চেসে এর নিকটবর্তী এলাকায় উদ্ধার অভিযান চালােচ্ছে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড।

বুধবার (২৯ নভেম্বর) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ফক্স নিউজ ডিজিটাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের হেলিকপ্টার এবং বেশ কয়েকটি ছোট ছোট নৌকা নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। এমনকি ফক্স নিউজ নিখোঁজদের উদ্ধারের জন্য চালানো হেলিকপ্টারে চালানো অভিযানের ভিডিও প্রকাশ করেছে। নিখোঁজ এসব নাবিকরা মেঘনা অ্যাডভেঞ্চারের নাবিক। যা বাংলাদেশি পাতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ।

যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড (ইউএসসিজি) জানায়, নিখোঁজ চার নাবিক সদস্যের উদ্ধারে অভিযান চলছে। তাদের উদ্ধারের জন্য মিসিসিপি নদীর লুইসিয়ানার বেলে চেসে এলাকার নিকটবর্তী অঞ্চলে খোঁজ করা হচ্ছে। নিখোঁজ চার নাবিকই পুরুষ। এ জায়গাটি নদীর পশ্চিম তীরের একটি এলাকা।

ইউএসসিজি সোমবার ( ২৭ নভেম্বর) বেলা ১১টায় নদীতে থাকা অবস্থায় চার নাবিক নিখোঁজ হওয়ার খবর পান। নিয়ম অনুযায়ী এ সময়ে তাদের জাহাজের ক্যাপ্টেনের কাছে হাজিরা দিতে হয়। তবে এ সময় বাকিরা হাজিরা দিলেও এ চার নাবিকের দেখা মেলেনি।
নিখোঁজ চার নাবিকের নাম প্রকাশ করেনি ইউএসসিজি। তবে বলা হয়েছে যে তারা সবাই বাংলাদেশি। তাদের চারজনের বয়স যথাক্রমে ২৫, ২৯, ৩০ এবং ৪৭ বছর। এ ছাড়া তাদের চুল কালো ও শরীরের রং বাদামি।