সীন্দবাদ ডেস্কঃ
পণ্য, খাদ্য-শস্য, সার ও জ্বালানি পরিবহন যা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করে তা অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নৌযানের মাধ্যমে পরিবহন করা হয় সেই নৌযানগুলোর পরিবহনের জন্য কোটা সংরক্ষণ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার (১৫ মার্চ) জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি এসএসসি ও এইচএসসি পরীক্ষার পরই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা অর্জনের বিষয়ে উদ্বুদ্ধ করার ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করে।
কমিটি বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালী করার জন্য অতিদ্রুত কমিশনের আইন পরিবর্তন ও সংশোধনের সুপারিশ করেছে।
বাণিজ্য, খাদ্য, শিল্প, বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা পণ্য, খাদ্য শস্য, সার ও জ্বালানি পরিবহনে বিআইডব্লিউটিসির নৌযানের জন্য কোটা সংরক্ষণ করার সুপারিশ করে এবং নৌপরিবহন অধিদপ্তরের বাল্কহেডের ডিজাইন পরিবর্তন করার ও সার্ভারের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
এ বৈঠকে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম, সমস্যা ও উত্তরণের পরিকল্পনাও আলোচনায় উঠে আসে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, নৌপরিবহন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।







