সীন্দবাদ ডেস্ক: অর্থনীতির কঠিনতম বছরে পদার্পণ করতে চলেছে বিশ্ব। বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দার মধ্যে পড়বে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের রোববারের সকালের সংবাদ অনুষ্ঠান ‘ফেস দ্য নেশন’-এ কথা বলেন।
সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে চলতি বছর বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার মধ্যে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান। তিনি বলেছেন, ২০২৩ সালটি গত বছরের তুলনায় ‘কঠিন’ হবে কারণ যুক্তরাষ্ট্র, ইইউ এবং চীন তাদের অর্থনীতিতে ধীরগতি দেখছে।
কোভিড পরবর্তী বর্তমান বৈশ্বিক চলমান যুদ্ধাবস্থা বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব বিস্তারে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে মন্তব্য করেন (আইএমএফ) প্রধান।
‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘আমাদের আশঙ্কা, চলতি বছর বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার মধ্যে পড়বে। এমনকি যেসব দেশ মন্দার মধ্যে নেই, সেসব দেশেও কয়েক মিলিয়ন মানুষ মন্দার মতো পরিস্থিতির মুখে পড়বে।’
উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) হলো জাতিসংঘের অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক এই সংস্থাটির ১৯০টি সদস্য দেশ রয়েছে। এসব দেশ বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য একসাথে কাজ করে থাকে।







