সীন্দবাদ ডেস্ক: যেখানে বিশ্ব অর্থনীতি মন্দার আশংকায় জর্জরিত সেই মুহূর্তে অনেকটা বিপরীত খবর শুনালো আন্তর্জাতিক মূদ্রা তহবিল (আইএমএফ)। বিপরীত হলেও সারা বিশ্বের জন্য এমন মন্তব্য আশাজাগানিয়া। সংস্থার প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ে গোরাঁশা বলছেন, বৈশ্বিক প্রতিকূলতার কারণে বিশ্ব অর্থনীতি মারাত্মক ঝুঁকির মধ্যে থাকলেও যে কোনো ধরনের বৈশ্বিক মন্দা থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। সূত্র: ডয়েচ ভেলে।
সোমবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে আইএমএফ বলেছে, আগামী দুই বছর মুদ্রাস্ফীতির গতি কমবে। ২০২৩ সালে বৈশ্বিক মুদ্রাস্ফীতি কমে ৬.৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালে সেটা ৪.৩ শতাংশ হতে পারে।
আইএমএফ বলছে, ২০২২ সালে বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধি কমেছিল ৩.৪ শতাংশ। ২০২৩ সালে সেই হার কমে ২.৯ শতাংশ হবে। আর ২০২৪ সালে সেটা ৩.১ শতাংশ বাড়বে।
সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে গোরাঁশা বলেন, মুদ্রাস্ফীতির চাপ কমতে শুরু করেছে। বৈশ্বিক অবস্থার উন্নতি ও হয়েছে। টেকসই প্রবৃদ্ধি, স্থিতিশীল মূল্য এবং সবার জন্য অগ্রগতিসহ ভালো অবস্থায় ফেরার প্রক্রিয়া কেবলমাত্র শুরু হয়েছে।







