সীন্দবাদ ডেস্কঃ প্রাণিসম্পদ খাত বিকশিত হওয়ায় দেশে বেকারত্ব অনেকটা লাঘব হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান মন্ত্রী।

মানুষের মৌলিক চাহিদার একটা অংশ খাবারের নিশ্চয়তা প্রাণিসম্পদ খাত থেকে আসছে উল্লেখ করে শ ম রেজাউল করিম বলেন, করোনা পরিস্থিতিতে সরকার মানুষের খাবারের চাহিদা মিটিয়েছে, উৎপাদনকারীদের সহায়তা করেছে, বিপণন প্রক্রিয়ায় সহায়তা করেছে। করোনার মধ্যে ভ্রাম্যমাণ বিক্রয়ে অভাবনীয় সাফল্য ছিল। মানুষের দোরগোড়ায় দুধ, ডিম, মাছ, মাংস বিক্রয় করা হয়েছে। রমজানেও সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ব্যবস্থা বিক্রির জন্য ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র চালু রাখা হবে।

দেশে উৎপাদিত মাংস নিরাপদ উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ‘হঠাৎ করে কিছু লোক বলল ফার্মের মুরগি ক্ষতিকর। এগুলো খাওয়া যাবে না। কৃষি গবেষণা কাউন্সিলের মাধ্যমে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেল, ব্রয়লার মুরগি কোনোভাবেই মানবদেহের জন্য ক্ষতিকর নয়। গবেষণা মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুবর্ণ মুরগি উদ্ভাবন করেছে, যার স্বাদ, গন্ধ, রঙ দেশি মুরগির মতো। দেশে উৎপাদিত দুধ, ডিম এবং মাংস ক্ষতিকর কিনা, তা পরীক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘প্রাণিসম্পদ খাত বিকশিত হওয়ায় দেশে বেকারত্ব অনেকটা লাঘব হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে। এছাড়া গ্রামীণ অর্থনীতি সচল হয়েছে। এ খাতে বিনিয়োগকারীরা উদ্যোক্তা হয়ে গর্বের সঙ্গে বলেন, আমি বেকার না, আমি উদ্যোক্তা, আমার খামার আছে। এভাবে আমরা পোলট্রি, ডেইরি তথা লাইভস্টক খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যার সূচনা করেছিলেন বঙ্গবন্ধু। তার নেতৃত্বেই সর্বপ্রথম উন্নত প্রজাতির গবাদিপশু দেশে আনা হয়।’

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ূম।